ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে পালিয়ে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে।
দাবি করা হচ্ছে, তিনি পরিবারসহ লেবাননে চলে গেছেন এবং এটি ছিল ক্ষমতাসীনদের দেশ ছাড়ার প্রস্তুতির অংশ। তবে সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহে দেখা যাচ্ছে, এই জল্পনার বাস্তব কোনো ভিত্তি নেই।
আব্বাস আরাঘচি সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে লেবানন সফর করেন। এ সফরে স্ত্রী ও অল্পবয়সী সন্তানও তার সঙ্গে ছিলেন, যা পূর্বের সফরগুলোর তুলনায় ব্যতিক্রম বলে উল্লেখ করা হয়। এই বিষয়টি সামনে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অনুমান ও গুজব ছড়াতে শুরু করে। সে সঙ্গে রাজপথের বিক্ষোভে নতুন মাত্রা যোগ হয়। বিক্ষোভকারীদের মধ্যে উল্লাস ও উদ্যম ছড়িয়ে পড়ে।
পর্যবেক্ষকরা দাবি করেন, পরিবারসহ সফর করা ইরানের শীর্ষ কূটনীতিকের সম্ভাব্য দেশত্যাগের ইঙ্গিত হতে পারে। তবে তেহরান ও বৈরুতের মধ্যকার বর্তমান কূটনৈতিক সম্পর্ক এবং লেবাননে তার সরকারি সফরের ধরন বিবেচনায় নিলে সরকার পতনের ক্ষেত্রে সেখানে স্থায়ীভাবে আশ্রয় নেওয়া আদৌ বাস্তবসম্মত কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এআইএল/
