কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সংশ্লিষ্টদের দাবি, এতে বিদ্যুৎ কেন্দ্রের মূল উৎপাদন ইউনিট বা বয়লার অংশ অক্ষত রয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল।
সূত্র জানায়, সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে থাকা স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানানো হলে প্রথমে মহেশখালী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় আশপাশের উপজেলা থেকেও অতিরিক্ত ইউনিট যোগ দেয়।
ভোর ৫টা পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, আগুনের মূল অংশ অনেকটাই নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। কিছু জায়গায় আগুন বারবার জ্বলে ওঠায় দীর্ঘ সময় ধরে নির্বাপণ কার্যক্রম চালাতে হচ্ছে।
ভোর ৫টার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সালাহ উদ্দিন কাদের ও চকরিয়া ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর দিদারুল হক জানান, আগুনের তীব্রতা উল্লেখযোগ্যভাবে কমেছে, তবে এখনো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি। বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলমান রয়েছে, যা শেষ হলে চূড়ান্ত নির্বাপণ ধাপে যাওয়া হবে। ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত আছেন। তারা জানান, অভিযান শেষ করতে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে আরও সময় প্রয়োজন।
বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, স্ক্র্যাপ ইয়ার্ডটি কেন্দ্রের সীমানা প্রাচীরের ভেতরে, পুকুরের মতো একটি কাঠামোর মধ্যে অবস্থিত। এখানে বিভিন্ন অব্যবহৃত যন্ত্রাংশ ও সামগ্রী রাখা হতো। এটি মূল বয়লার ও বিদ্যুৎ উৎপাদন এলাকা থেকে তুলনামূলকভাবে দূরে থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
টিএইচএ/
