আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
ঘোষণায় তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি এবং এলডিপি ৭টি আসনে প্রার্থী দেবে।
এছাড়া এবি পার্টি ৩টি, বিডিপি ২টি এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, “কিছু আসনে এখনো ঝামেলা রয়েছে। সেগুলো প্রার্থী প্রত্যাহারের পর চূড়ান্তভাবে ঠিক হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়ের, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদের, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির আনোয়ারুল হক এবং সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রমুখ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমঝোতা আসন্ন নির্বাচনে ইসলামপন্থী রাজনীতিতে একটি বড় ঐক্যের রূপরেখা তৈরি করেছে। তবে কিছু আসনের জট এখনো পুরোপুরি কাটেনি, যা পরবর্তী পর্যায়ে নির্ধারিত হবে।
হাআমা/
