হাসান আল মাহমুদ >>
ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃক শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)–এর নামে নামকরণ করা মোহাম্মদপুর–টু–বসিলা সড়কের নামফলক ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে নেক্কারজনক ও ঘৃণ্য আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন মহল।
এনসিপি নেতা মাওলানা সানাউল্লাহ খান জানান, গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে সড়কের নামফলক স্থাপন করা হয়। তবে নামফলক স্থাপনের পর থেকেই স্থানীয় বিএনপির কিছু নেতা ও চাঁদাবাজ শ্রেণির লোকজন এর বিরোধিতা শুরু করে। আজ তারা হাতুড়ি ও লোকবল নিয়ে নামফলক ভেঙে ফেলার মতো বর্বরোচিত কাজ করেছে বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার নিন্দা জানিয়ে মাওলানা সানাউল্লাহ খান বলেন, “বিএনপি শেষ পর্যন্ত এই নোংরা রাজনীতিতেই নেমে গেছে। ক্ষমতায় আসার আগেই তারা নিজেদের পতনের পথ নিজেরাই রচনা করছে।”
উল্লেখ্য, মোহাম্মদপুর থেকে বসিলা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দেশের প্রখ্যাত আলেম, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)–এর নামে নামকরণ করা হয়। বিষয়টি এর আগে ৩৬ নিউজকে নিশ্চিত করেছিলেন এনসিপি নেতা মাওলানা সানাউল্লাহ খান।
তিনি জানান, এ উদ্যোগটি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার একটি প্রশংসনীয় ও সফল উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার আগে শাইখুল হাদিস (রহ.)–এর নাতি মাওলানা এহসানুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি সড়কটির নামকরণের জন্য প্রয়োজনীয় অনুমোদন প্রদান করেন। এ সময় মাওলানা মামুনুল হক ও মাওলানা মাহফুজুল হকসহ দেশের বিশিষ্ট আলেম-উলামা এবং শাইখুল হাদিস (রহ.)–এর হাজারো ছাত্রের সম্মান রক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। পরবর্তীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাধ্যমে বিষয়টি বাস্তবায়ন করা হয়।
এ বিষয়ে মাওলানা এহসানুল হক ৩৬ নিউজকে বলেন, “দীর্ঘদিন আগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে এ বিষয়ে আবেদন করেছিলাম। তিনি বিষয়টি মনে রেখেছিলেন এবং পদত্যাগের আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পরে আমার নির্বাচনী ব্যস্ততার কারণে কাজটির অগ্রগতি নিয়মিত খোঁজ নিতে পারিনি। তবে জানতাম যে প্রক্রিয়াটি এগোচ্ছে।”
তিনি আরও বলেন, “সরকারি কাজের স্বাভাবিক দীর্ঘসূত্রতার মধ্যেও বিষয়টি বাস্তবায়িত হওয়ায় আমি আসিফ মাহমুদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পাশাপাশি এনসিপি নেতা মাওলানা সানাউল্লাহ খানের ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করতে চাই। তাঁর সহযোগিতা না থাকলে এটি সম্ভব হতো না।”
সংশ্লিষ্ট মহলের মতে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)–এর মতো একজন বরেণ্য আলেমের নামে সড়ক নামকরণ দেশের মুসলমান ও সাধারণ মানুষের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত। তবে নামফলক ভাঙচুরের ঘটনা এই উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা বলে মনে করছেন তারা।
হাআমা/
