নরসিংদীতে তোফাজ্জল হোসেন মাস্টারকে পরিবহণ মালিক সমিতির ফুলেল শুভেচ্ছা

by Abid

বশির আহমদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদী জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির নেতৃবৃন্দ।

রোববার (৩ মে) সকালে নরসিংদী জেলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকলে পরিবহণ খাতের নেতারা তাকে এ সংবর্ধনা প্রদান করেন। বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি মো. সারোয়ার হোসেন মৃধার নেতৃত্বে সমিতির একটি প্রতিনিধি দল ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নেন।

বিজ্ঞাপন
banner

সংবর্ধনা অনুষ্ঠানে সারোয়ার হোসেন মৃধা বলেন, তোফাজ্জল হোসেন মাস্টার একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। দীর্ঘকাল ধরে নরসিংদীর রাজনীতি ও সামাজিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার সুযোগ্য নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সেবার পরিধি বৃদ্ধি পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। একইসঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা প্রকাশ করে তিনি তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, তোফাজ্জল হোসেন মাস্টারের হাত ধরে জেলার পরিবহণ খাতের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান হবে এবং এ খাতের উন্নয়নে জেলা পরিষদ সবসময় পাশে থাকবে।

জবাবে জেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মাস্টার বলেন, নরসিংদীর সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিদান দেওয়াই আমার প্রধান লক্ষ্য। জেলা পরিষদকে একটি জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে আমি বদ্ধপরিকর। পরিবহণ খাত জেলার অর্থনীতি ও জনজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, তাই এই খাতের আধুনিকায়ন ও শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) আব্দুল ওয়াহাব রাশেদ, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী নূর-ই-ইলহাম, জেলা তাঁতী দলের সভাপতি হুমায়ুন কবির কামাল এবং আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হক ভুঁইয়া। এছাড়াও নরসিংদী জেলা শ্রমিক ইউনিয়ন, নির্যাতিত ড্রাইভার ঐক্য সংগঠন এবং বাংলাদেশ ড্রাইভার ঐক্য কল্যাণ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222