মানিকগঞ্জ পৌরসভার লঞ্চঘাট এলাকায় একটি বাসাবাড়িতে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে খান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
জানা যায়, নিজস্ব বাসাবাড়িতে বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার ঝুঁকিপূর্ণভাবে মজুদ করার অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই সিলিন্ডারগুলো সংরক্ষণ করা হচ্ছিল, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। এছাড়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণও পাওয়া যায়।
এ বিষয়ে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “বাসাবাড়িতে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ড কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে গ্যাসের দাম বাড়ানোর অপচেষ্টা। সাধারণ ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
অভিযান চলাকালে আনসার ব্যাটালিয়নের সদস্যরা এবং বাজার তদারকিসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএআর/
