কুমিল্লায় আগ্নেয়াস্ত্র, গুলিসহ এক সহকারী সরকারি কৌঁসুলিসহ (এজিপি) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১০টি গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নগরীর টমছমব্রিজ এলাকা থেকে প্রথমে আরিফুল ইসলামকে (৩৬) পাঁচটি গুলি, একটি ছুরিসহ আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে আইনজীবী আই এম মাসুদুল হকের (৫১) বাসায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলিসহ তাকে আটক করা হয়।
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, “টমছমব্রিজ এলাকা থেকে আরিফুলকে পাঁচটি গুলি, একটি ছুরিসহ আটক করা হয়। পরে তার মোবাইল ফোন তল্লাশি করে অস্ত্রের ছবি দেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি মাসুদুল হকের বাসায় অস্ত্রটি আছে বলে আমাদের তথ্য দেন। তথ্য পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মাসুদুল হকের বাসা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি জব্দ করা হয়।”
পরে দুজনের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে মামলা শেষে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আর/
