নির্বাচন নির্ধারণ করবে সামনে এগিয়ে যাব, নাকি পেছনে ফিরে যাব : সারজিস আলম

by Abid

সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকা দখলদার, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের রাজনৈতিক ও সামাজিকভাবে একঘরে করার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা দিনের আলোতে মাদকের বিরুদ্ধে বড় বড় বুলি আওড়ায় কিন্তু রাতের অন্ধকারে মাদক ব্যবসার লভ্যাংশ পকেটে ভরে, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে এখনই রুখে দাঁড়াতে হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় জেলা চিনিকল ময়দানে দশ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায়  বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

সারজিস আলম তার বক্তব্যে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনাকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা সফলতার একটি ধাপ পার করেছি। তবে ২০২৬ সালের আসন্ন নির্বাচনই চূড়ান্ত ফয়সালা দেবে আমরা কি সম্মানের সাথে সামনে এগোবো নাকি অন্ধকারের অতীতে ফিরে যাব। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, এ দেশের মানুষ কি আবারও চাঁদাবাজদের রাজত্ব দেখতে চায়, নাকি একটি সুশৃঙ্খল ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে চায়—তার প্রমাণ মিলবে এই ব্যালট যুদ্ধের মাধ্যমে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি উপস্থিত জনতাকে সতর্ক করে বলেন, স্বাধীনতার পর এমন সোনালী সুযোগ আমাদের সামনে আর আসেনি। আগামী ৫০ বছরেও এমন পরিবর্তনের সুযোগ আসবে কি না তা অনিশ্চিত। তাই ভোটাধিকারের এই পবিত্র আমানত যেন কোনোভাবেই খেয়ানত না হয়। তেঁতুলিয়া থেকে রূপসা পর্যন্ত ১ লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটারের এই মানচিত্রে এখন একটাই ধ্বনি প্রতিধ্বনিত হবে—তাহলো দশ দলীয় জোটের নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222