দীর্ঘ দুই দশক পর বন্দরনগরী চট্টগ্রামে পা রেখে তরুণ প্রজন্মের সঙ্গে আগামীর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ও পরিকল্পনা বিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে নগরীর র্যাডিসন ব্লু হোটেলের সম্মেলন কক্ষে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগ ও আশপাশের প্রায় ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে চারশ শিক্ষার্থী সরাসরি অংশগ্রহণ করেন। এর আগে সিলেটেও একই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তরুণদের কথা শুনেছিলেন তিনি।
মতবিনিময় সভায় তারেক রহমান শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের ভাবনা ও আধুনিক কর্মসংস্থান নিয়ে দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তরুণদের এই সক্রিয় অংশগ্রহণকে তিনি ‘নতুন বাংলাদেশের প্রাণশক্তি’ হিসেবে অভিহিত করেন। ২০০৫ সালের ৬ মে লালদীঘি মাঠে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে শেষবার জনসভা করেছিলেন তিনি। দীর্ঘ ১৯ বছর পর এবার দলের চেয়ারম্যান হিসেবে চট্টগ্রামে তার আগমন ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।
তরুণদের সাথে এই বিশেষ অধিবেশন শেষে তারেক রহমান বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে এক বিশাল জনসভায় যোগ দেবেন।
টিএইচএ/
