বগুড়ার গাবতলীতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রচারণা এবং নির্বাচনী অফিস উদ্বোধনের দিনই দুর্বৃত্তরা নেপালতলী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন আলমের বাড়িতে আগুন ধরিয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে বুরুজ বাজারে এই ঘটনা ঘটেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনভর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম রব্বানীর পক্ষে নেপালতলী ইউনিয়নের বুরুজ বাজার কদমতলী এলাকায় গণসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। রাত আড়াইটার দিকে আলমগীরের বসতবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাড়ির বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। তবে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও ফায়ার সার্ভিসও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নেপালতলী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন আলম বলেন, “মঙ্গলবার দিনভর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম রব্বানীর পক্ষে নেপালতলী ইউনিয়নে বুরুজ বাজার কদমতলী এলাকায় ব্যাপক গণসংযোগ করার পর রাতেই আমার বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। তবে আমি কাউকে অভিযুক্ত করিনি।”
বগুড়া-৭ আসনের জামায়াতের নির্বাচনী পরিচালক মাওলানা আব্দুল হাকিম সরকার জানান, “আমরা প্রশাসনকে জানিয়েছি, কাউকে অভিযুক্ত করতে চাই না। তবে আমাদের কর্মী ও নারী ভোটারদের হয়রানি করা হচ্ছে। আমরা আশা করি নির্বাচনে সবার জন্য সমান সুযোগ থাকবে।”
গাবতলী মডেল থানার ওসি আনিছুর রহমান বলেন, “আগুনে আসবাবপত্র পুড়ে গেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এমএআর/
