কলম্বিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে দেশটির ১ জন এমপিসহ মোট ১৫ জন নিহত হয়েছেন।
গতকাল বুধবার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার উড়োজাহাজটি কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনার একটি বিচক্র্যাফট ১৯০০ টুইন প্রোপেলার বিমান। এটি ভেনেজুয়েলা-কলম্বিয়া সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ওকানা শহরের উদ্দেশে যাত্রা করেছিল। বিমানে কলম্বিয়ার এমপি দিওজেনেস কুইনতেরোসহ ১৩ জন যাত্রী ও ২ জন ক্রু ছিলেন।
এএফপি জানিয়েছে, ওকানার বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। সাতেনা কর্তৃপক্ষ জানায়, ওকানার আকাশসীমায় প্রবেশের পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এটি আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।
উদ্ধারকারীরা জানিয়েছে, বিমানের আরোহীদের কেউই বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।
এআইএল/
