ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক হওয়ার অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে তার ভেরিফায়েড আইডিতে একটি অপ্রত্যাশিত ও বিতর্কিত পোস্ট দেখা গেলে বিষয়টি সামনে আসে।
ঘটনার বিষয়টি শনিবার রাতেই নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম। তিনি জানান, পোস্টটি নজরে আসার সঙ্গে সঙ্গেই দলের সাইবার টিম দ্রুত ব্যবস্থা নেয় এবং বিকেল ৫টার কিছু পরেই হ্যাক হওয়া আইডিটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়। পরে ওই অনাকাঙ্ক্ষিত পোস্টটি সরিয়ে ফেলা হয়।
তবে তিনি অভিযোগ করেন, ইতোমধ্যে ওই পোস্টকে কেন্দ্র করে বিভিন্ন মহলে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচার বন্ধ এবং বিষয়টির সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের সহায়তা চেয়ে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।
সিরাজুল ইসলাম আরও বলেন, নারীদের অবমাননাকর যে বক্তব্য পোস্ট করা হয়েছিল, তা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আদর্শ, মনোভাব ও প্রকাশ্য বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
টিএইচএ/
