ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি জমা দেওয়া হয়। রিট আবেদনে বিএনপির এই প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে নির্বাচনি মাঠে তার প্রার্থিতা স্থগিতের বিষয়েও আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, আবেদনকারীর পক্ষে আইনি লড়াই চালাবেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন এবং অ্যাডভোকেট আলী আজগর শরীফী। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে ব্রিফিংকালে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান, তারা রিট আবেদনটি দাখিল করেছেন এবং চলতি সপ্তাহের মধ্যেই হাইকোর্টের একটি বেঞ্চে এর ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা আশা করছেন, উত্থাপিত অভিযোগের গুরুত্ব বিবেচনায় আদালত যথাযথ আদেশ প্রদান করবেন।
টিএইচএ/
