বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তানের মতো একটি পশ্চাৎপদ রাষ্ট্রে পরিণত করতে চায়। তাদের রাজনীতি দেশকে উন্নয়নের পথে না নিয়ে পিছনের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, বিএনপি পেছনে ফেরার রাজনীতিতে বিশ্বাস করে না; তারা দেশকে এগিয়ে নিতে চায়।
সোমবার (২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের লালমিয়া মার্কেটে নির্বাচনী প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জামায়াতের আমির নারীদের বিষয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে তিনি শুনেছেন। বিষয়টি সত্য হলে তা সম্পূর্ণ অন্যায় এবং নারীরা কখনোই এমন বক্তব্য মেনে নেবে না বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নারীদের কর্মজীবনের বিরোধিতা করে। তারা চায় নারীরা ঘরে থাকুক এবং বাইরে কাজ না করুক। গার্মেন্টস শ্রমিক নারীদের জন্য পাঁচ ঘণ্টার বেশি কাজ নিষিদ্ধ করার কথাও তারা বলেছে। অথচ নারীরা কাজ না করলে জীবিকা নির্বাহ করবে কীভাবে?
মির্জা ফখরুল বলেন, মেয়েরা যদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বঞ্চিত হয় এবং পড়াশোনা না করে, তাহলে ভবিষ্যতে চাকরি পাওয়ার সুযোগ হারাবে। কাজ না করে সরকার টাকা দেবে—এমন ধারণা প্রতারণার শামিল বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশে নারী ও পুরুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। দেশের জনসংখ্যায় নারীর সংখ্যা পুরুষদের তুলনায় বেশি। ইসলাম ধর্মেও নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার নির্দেশ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
টিএইচএ/
