নাটোরের সিংড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় এনসিপির দুই কর্মী আহত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এনসিপির সদস্য সচিব অধ্যক্ষ এস এম জার্জিস কাদিরের নিজ গ্ৰাম সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রামে অবস্থিত এনসিপির নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর ও স্থানীয়রা জানান, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি ও সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুস আকন্দ ও ইউপি সদস্য আব্দুল জলিলসহ প্রায় ২৫-৩০ জন কর্মী–সমর্থক এনসিপির নির্বাচনী কার্যালয়ের সামনে পিকনিক করছিল। ওই সময় এনসিপির কার্যালয়ে থাকা ১০-১২ জন এনসিপির সমর্থক তাদের কার্যালয়ের দূরে গিয়ে পিকনিক করতে বলে। এতে ক্ষুব্ধ হয়ে ধানের শীষ প্রার্থীর সমর্থকরা এনসিপির কার্যালয়ে হামলা চালায় এবং কার্যালয় ভাঙচুর করে।
ওসি ও স্থানীয়রা আরও জানান, সুলতান সরকার ও আব্দুল আহাদ নামে এনসিপির দুই কর্মীকে মারধর করে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে এনসিপি মনোনীত ১১ জোটের প্রার্থী এস এম জার্জিস কাদির বাবু বলেন, “রাতে আমার নির্বাচনী অফিসে কর্মী–সমর্থকরা নির্বাচনী আলোচনা করছিল। এসময় বিএনপির ধানের শীষের প্রার্থীর সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে হামলা, ভাঙচুর ও কর্মীদের মারধর করে জখম করেছে। খবর পেয়ে আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি।”
ঘটনার পর থেকে অভিযুক্ত বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম আনুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমএআর/
