পাথর আমদানি বন্ধে রাজস্ব হারাচ্ছে সরকার, বিপাকে শ্রমিকরা

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি:

দীর্ঘ তিন মাস যাবত পাথর আমদানি বন্ধ রয়েছে জামালপুরের ধানুয়া কামালপুর স্থলবন্দরে। এই স্থলবন্দর বন্ধ থাকায় সরকার যেমন বিশাল অংকের রাজস্ব বঞ্চিত হচ্ছে। তেমনি বন্দরের সাথে জড়িত হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। শুল্ক জটিলতা ও লোকসানের কারণে পাথর আমদানি বন্ধ রাখতে বাধ্য হয়েছেন বলে দাবি ব্যবসায়ীদের।

বিজ্ঞাপন
banner

ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা এই স্টেশনটি ১৯৭৪ সালে যাত্রা শুরু করে। পরে ২০১৫ সালে একটি পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপান্তরিত হয়। আধুনিকায়ন ও ইমিগ্রেশন চালুর লক্ষ্যে ইতিমধ্যে প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে বিশাল অবকাঠামো নির্মাণ করেছে সরকার। তবে সকল সুযোগ সুবিধা থাকা স্বত্বেও বর্তমানে বন্দর এলাকা পাথরের অভাবে খা খা করছে।

আমদানি রপ্তানিকারক সমিতি জানান, ভারতীয় অংশের জরাজীর্ণ রাস্তা এবং পাথরের ওপর বাড়তি চার্জ আরোপ করায় আমদানিকারকরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দেশের অন্যান্য স্থলবন্দরের সুযোগ সুবিধা এখানে না থাকায় বৈষম্যের শিকার হচ্ছেন ব্যবসায়ীরা।

বন্দর ঘুরে জানা যায়, এই বন্দরের ওপর নির্ভরশীল প্রায় ৮ হাজার পাথর ভাঙা ও ট্রাক শ্রমিক এখন চরম কষ্টে দিন পার করছেন। একটানা দীর্ঘ দিন কাজ না থাকায় তাদের পরিবারগুলো অনাহারে অর্ধাহারে দিন পার করছেন। সন্তানের পড়ালেখার খরচ ও বিভিন্ন এনজিওর কিস্তির চাপে কর্মহীন শ্রমিকদের নাভিশ্বাস উঠে গেছে। অতিদ্রুত এই বন্দর চালু করার দাবি জানিয়েছেন হাজারো খেটে খাওয়া অসহায় শ্রমিক।

বন্দরের রাজস্ব কর্মকর্তা প্রীতিময় কান্তি বড়ুয়া বলেন, “ভারতীয় অংশে রাস্তার সংস্কার কাজ এবং কিছু অভ্যন্তরীণ অস্থিরতার কারণে আমদানিতে ভাটা পড়েছে। তবে আমদানি চালু করতে ব্যবসায়ীদের নিয়মিত উৎসাহিত করছে বন্দর কর্তৃপক্ষ। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যার সমাধান এবং পুনরায় পাথর আমদানি শুরু হবে।”

ঐতিহ্যবাহী স্থলবন্দর ধানুয়া কামালপুরের সচলতা ও কর্মচাঞ্চল্যতা ফিরিয়ে আনতে অত্যন্ত জরুরি শুল্ক সংক্রান্ত জটিলতার অবসান। হাজার হাজার কর্মহীন শ্রমিকের অন্নের নিশ্চয়তা দিতে এবং সরকারের রাজস্ব আয় স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। ব্যবসায়িক নিরাপত্তা ও কর্তৃপক্ষের সঠিক তদারকি নিশ্চিত হলে আবারও অর্থনীতির প্রাণকেন্দ্র হয়ে উঠবে এই স্থলবন্দরটি।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222