জীবনের নিরাপত্তা চেয়ে গানম্যানের জন্য আবেদন করেছেন রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা।
সোমবার (০২ ফেব্রুয়ারি) সকালে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে তিনি এ আবেদন করেন।
স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা বলেন, “প্রাণ নাশের হুমকির কারণে নিবার্চনী প্রচারণার কাজে নিরাপদবোধ করছি না। জীবনের নিরাপত্তা চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে গানম্যানের জন্য আবেদন করেছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন।”
জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা নাজমা আশরাফী বলেন, “স্বতন্ত্র প্রার্থী গানম্যানের জন্য আবেদন করেছেন। আবেদনটি গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছে।”
রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে গানম্যান দেওয়ার ব্যাবস্থা গ্রহণ করা হবে। গত ১৭ জানুয়ারি রাত ৮টার দিকে শহরের স্টেডিয়াম এলাকায় স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার অফিসে অজ্ঞাত দুজন মোটরসাইকেলে এসে তাকে নির্বাচন থেকে সরে যেতে বলেন। সরে না গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ঘটনায় রাঙামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন পহেল চাকমা।
এমএআর/
