পটুয়াখালীর গলাচিপায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে গলাচিপা পৌর শহরের আরামবাগ রোড এলাকায় এ মিছিল বের করা হয়।
ভিডিও ফুটেজে দেখা যায়, গভীর রাতে মুখে মাস্ক পরিহিত ছাত্রলীগের নেতাকর্মীরা আরামবাগ এলাকায় মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ১০ থেকে ১২টি মশাল ছিল। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের ‘অবৈধ নির্বাচন মানি না, মানব না’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন স্লোগান দিতে দেখা যায়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, “আমরা ভিডিওটি পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এমএআর/
