নির্বাচিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

by Abid

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের বিজয় নিশ্চিত হলে ঢাকা-১১ আসনের প্রার্থী এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় ১১ দলীয় ঐক্যের এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি প্রদান করেন। তার এই ঘোষণার পর ওই নির্বাচনী এলাকায় জোটের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন
banner

জনসভায় যুবসমাজের ওপর গভীর আস্থা প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, তরুণরাই হবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের মূল কাণ্ডারি। তিনি নাহিদ ইসলামকে আগামীর ‘বাংলাদেশ’ নামক জাহাজের ক্যাপ্টেন হিসেবে অভিহিত করে বলেন, জনগণের রায়ে ইনসাফ কায়েম হলে সেই সরকারে নাহিদ ইসলাম অবশ্যই মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। জামায়াত আমির আরও বলেন, প্রবীণরা পেছনের আসনে থেকে দিকনির্দেশনা দেবে, আর নাহিদ ইসলামের মতো মেধাবী যুবকরা দেশ পরিচালনা করবে। অতীতের নেতৃত্বের সততা ও দেশপ্রেমের অভাবকে উন্নয়নের অন্তরায় উল্লেখ করে তিনি বলেন, মেধা ও শ্রমের সমন্বয়ে যুবকরাই বাংলাদেশকে কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে।

দেশের ১৮ কোটি মানুষের অধিকার রক্ষার অঙ্গীকার করে ডা. শফিকুর রহমান বলেন, জোট ক্ষমতায় এলে জনগণের জীবন, সম্পদ এবং ইজ্জতের পাহারাদার হিসেবে কাজ করবে। তারা শাসক নয়, বরং জনগণের সেবক হতে চান। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে একটি জুলুমবাজ, চাঁদাবাজ ও আধিপত্যবাদমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। মিথ্যা আশ্বাস না দিয়ে বাস্তবসম্মত কর্মপরিকল্পনার মাধ্যমে দেশকে বেইনসাফি মুক্ত করার দৃপ্ত শপথ নিয়ে তিনি ভোটারদের কাছে ১১ দলীয় জোটের প্রার্থীদের জয়ী করার আবেদন জানান।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222