পাবনায় জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে, সঙ্গে জব্দ করা হয়েছে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু গুলি।
মঙ্গলবার রাতে জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী মেরিনপাড়া ও দিয়ারবাঘইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বুধবার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলো ঝলাকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের শাহীন হোসেন (২০), ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘইল গ্রামের হযরত প্রামানিক (৪৭) এবং মানিকনগর পশ্চিমপাড়া গ্রামের মমিনুল ইসলাম খোকন (৩৩)।
পুলিশ সুপার জানান, আগামী নির্বাচনের আগে অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সংলগ্ন ওয়াসা গেস্ট হাউজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে শাহীন ও হযরতকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে মানিকনগর এলাকা থেকে খোকনকে গ্রেফতার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
টিএইচএ/
