নির্বাচন ঘিরে উত্তরবঙ্গমুখী মানুষের ঢল নামায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। গ্রামে ভোট দিতে ফিরছেন হাজারো মানুষ। এর প্রভাব পড়েছে যমুনা সেতুতেও। গত ৩২ ঘণ্টায় সেতু থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ৩০৫ টাকা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) যমুনা সেতু সাইট অফিসের টোল ম্যানেজার প্রবীর কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীর্ঘ ছুটিতে বাড়ি ফিরছেন অনেকে। এতে মহাসড়কে যান চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং স্বাভাবিকভাবেই টোল আদায়ের পরিমাণও বেড়েছে। মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে বলেও জানান তিনি।
সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ৩২ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৫ হাজার ৬২৫টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকেই উল্লেখিত অঙ্কের টোল সংগ্রহ করা হয়।
সাধারণ সময়ে প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৭ হাজার যানবাহন সেতুটি ব্যবহার করে। ঈদসহ বড় উৎসবের সময় এ সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। তবে এবার কোনো বড় ধর্মীয় উৎসব ছাড়াই কেবল জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সেতুতে রেকর্ডসংখ্যক যানবাহন চলাচল ও টোল আদায় হয়েছে।
টিএইচএ/
