এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুর-৩ আসনের মাদারগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকীর (কাপ-পিরিচ) পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনগণ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার চরগোলাবাড়ী দক্ষিণ পাড়া এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—মেলান্দহ উপজেলার সবিলাপুর গ্রামের জালাল উদ্দীন আকন্দের ছেলে মো. জাহাঙ্গীর আলম, একই উপজেলার চরসগুনা গ্রামের আব্দুস আজিজের ছেলে মো. জহুরুল ইসলাম (৬৫) এবং হারুনুর রশীদের ছেলে মেহেদী হাসান।
স্থানীয় এলাকাবাসী জানান, চরগোলাবাড়ী দক্ষিণ পাড়ায় কাপ-পিরিচ প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণ করা হচ্ছে—এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে তিনজনকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাছে টাকা বিতরণের প্রমাণ পাওয়া যায় বলে দাবি করেন স্থানীয়রা। পরে এলাকাবাসী তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।
স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান সোহাগ জানান, তারা বাড়িটিতে গিয়ে দেখতে পান আটক ব্যক্তিরা ভোটারদের টাকা দিচ্ছেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাদের আটক করে।
খবর পেয়ে মাদারগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যরা এবং মাদারগঞ্জ মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঞার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরে বকশিগঞ্জের সিভিল জজ আরিফ হোসাইনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আটক তিনজনের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা এবং এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এমএআর/