ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় তিনি খুলনার ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শিরোমনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ভোট দেওয়ার সময় পর্যন্ত কেন্দ্রের সার্বিক পরিবেশ ইতিবাচক দেখেছেন। ভোটাররা উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছেন এবং বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও স্বাচ্ছন্দ্যে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করছেন বলে মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এই নির্বাচন দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। তিনি দাবি করেন, অতীতের আন্দোলন-সংগ্রাম এবং বহু মানুষের ত্যাগ-তিতিক্ষার প্রেক্ষাপটে একটি নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা থেকেই মানুষ রাজনৈতিক পরিবর্তন চেয়েছে। সেই আকাঙ্ক্ষার একটি পরিণত রূপ নির্ধারিত হবে আজকের ভোটের মাধ্যমে গঠিত সরকারের মধ্য দিয়ে।
তিনি আরও বলেন, জয়-পরাজয় আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। তাদের দায়িত্ব ছিল জনগণের কাছে নিজেদের বার্তা, আদর্শ এবং রাষ্ট্র পরিচালনার ভাবনা তুলে ধরা। শেষ পর্যন্ত কে দেশ পরিচালনার দায়িত্ব পাবে, তা নির্ধারণ করবেন ভোটাররাই।
টিএইচএ/
