ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অশ্বারোহী দল ঘোড়া নিয়ে বিভিন্ন সড়ক ও ভোটকেন্দ্র এলাকায় টহল দিচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকেই তাদের রাজধানীর বিভিন্ন কেন্দ্রে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায়।
সরেজমিনে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে হরিয়ানা জাতের সুঠাম দেহের ছয়টি ঘোড়া নিয়ে টহল দিতে দেখা যায় ডিএমপির অশ্বারোহী দলকে। ঘোড়াগুলোতে সুসজ্জিত স্যাডল ও নিরাপত্তা সামগ্রী ছিল। সচেতনতামূলক বার্তাও যুক্ত করা হয়েছে—‘সুষ্ঠু নির্বাচন হোক আমাদের অঙ্গীকার’ এবং ‘ভোট হোক উৎসবমুখর ও আনন্দঘন’। ধীরগতিতে সড়ক প্রদক্ষিণের সময় সাধারণ মানুষের মধ্যে কৌতূহল দেখা যায়; অনেকে ছবি ও ভিডিও ধারণ করেন।
ছয় সদস্যের এ টিমটির নেতৃত্বে রয়েছেন উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, যিনি ডিএমপির অশ্বারোহী দলের ইনচার্জ। তিনি জানান, ভোটগ্রহণ শুরুর আগে থেকেই তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন। এখন পর্যন্ত রাজধানীতে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। মোট ২২ জন সদস্যের চারটি টিম দুপুর পর্যন্ত টহল কার্যক্রম চালাবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে সংবিধান সংস্কার ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে গণভোট। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ ও গণনা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
টিএইচএ/
