ঢাকা-৮ আসনে ভোট পুনঃগণনার দাবিতে ইসিতে লিখিত অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

by Abid

ঢাকা-৮ সংসদীয় আসনে নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) তিনি প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। আবেদনে সংশ্লিষ্ট আসনের ভোট পুনঃগণনা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে পুনঃগণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচিত সদস্যের শপথ অনুষ্ঠান স্থগিত রাখার অনুরোধও করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

লিখিত আবেদনে অভিযোগ করা হয়, বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এবং তার দলীয় নেতা-কর্মী, নির্বাচনী এজেন্ট ও পরিবারের সদস্যরা বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি, প্রভাব বিস্তার এবং ফলাফল প্রক্রিয়ায় হস্তক্ষেপের মতো অনিয়মে জড়িত ছিলেন। এছাড়া বাতিল ঘোষিত কিছু ভোট গণনায় অন্তর্ভুক্ত করা এবং ফলাফল প্রকাশ বিলম্বিত করার অভিযোগও উত্থাপন করা হয়। অভিযোগে আরও বলা হয়, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও আসনের রিটার্নিং অফিসারও একপর্যায়ে এসব অনিয়মের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন। এর ফলে প্রকৃত ফলাফল প্রতিফলিত না হয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী তার আবেদনে নির্বাচন কমিশনকে আইন ও বিধি অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি কয়েকটি নির্দিষ্ট কেন্দ্রের নাম উল্লেখ করে সেখানে সংঘটিত অনিয়মের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়।

উল্লেখ্য, বেসরকারি ফলাফলে ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে এগিয়ে থেকে বিজয়ী ঘোষণা পান। অন্যদিকে, এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫৪ হাজার ১২৭ ভোট।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222