ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ প্রকাশিত এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।
বার্তায় শার্লি বোচওয়ে শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং ভোট প্রক্রিয়ায় অবদান রাখা নাগরিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশ ও এর গণতান্ত্রিক ব্যবস্থাকে সমর্থন জানাতে কমনওয়েলথের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী জোটের অন্যান্য শরিক দলগুলো মিলিয়ে পেয়েছে আরও ৯টি আসন। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ায় তারেক রহমানের নেতৃত্বে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকার শপথ নিতে যাচ্ছে।
টিএইচএ/
