সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হয়ে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা অর্পণের পর প্রধানমন্ত্রী এক মিনিট নীরবতা পালন করেন। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের আত্মত্যাগী শহীদদের প্রতি সম্মান জানান। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় কর্মসূচি।
নির্ধারিত সূচি অনুযায়ী, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর থেকে সচিবালয়ে তার দাপ্তরিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ ভবনের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে দুপুর সাড়ে ১২টা থেকে তিনি প্রথম অফিস কার্যক্রমে অংশ নেবেন। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এটিই হবে নবগঠিত সরকারের প্রথম নীতিনির্ধারণী বৈঠক। এরপর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
টিএইচএ/
