পবিত্র রমজান মাস উপলক্ষে পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লিকে প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজান শুরু হওয়ার পর দেশটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয় বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে আরব নিউজ। তবে এই অনুমতির ক্ষেত্রে বয়সসীমা ও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা ‘সিওজিএটি’ এক বিবৃতিতে জানিয়েছে, রমজান মাসজুড়ে জুমার নামাজের জন্য প্রতিদিন আলাদা অনুমতিপত্র সংগ্রহের শর্তে এই নির্দিষ্ট সংখ্যক মুসল্লিকে টেম্পল মাউন্টে প্রবেশের সুযোগ দেওয়া হবে।
বিবৃতি অনুযায়ী, মসজিদ প্রাঙ্গণে প্রবেশের জন্যে কেবল ৫৫ বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং ৫০ বছর বা তার বেশি বয়সী নারীরা অনুমতি পাবেন। শিশুদের ক্ষেত্রে সর্বোচ্চ ১২ বছর বয়স পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে, তবে তাদের অবশ্যই প্রথম শ্রেণির কোনো আত্মীয়ের সঙ্গে থাকতে হবে।
টিএইচএ/
