৩০ হাজার টাকা না দিলে লাখ টাকার ভ্যাট মামলার হুমকি

by Fatih Work

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে এক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে ভ্যাট বকেয়ার অভিযোগ তুলে ৩০ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছে। টাকা না দিলে ৫ থেকে ৭ লাখ টাকার ভ্যাট ফাঁকির মামলা দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সাতটি দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, ‘মুস্তাইন শাহ মামুন নামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের একজন সিপাহী দোকানে এসে বলেন, “তোমাদের দোকানে অনেক ভ্যাট বাকি আছে। ৩০ হাজার টাকা দিলে বিষয়টা মিটিয়ে দেওয়া যাবে। না দিলে ৫-৭ লাখ টাকার ভ্যাট ফাঁকির মামলা হবে।”

বিজ্ঞাপন
banner

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, ১৭ ফেব্রুয়ারির মধ্যে টাকা দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছিল। নির্ধারিত দিনে অভিযুক্ত ব্যক্তি আবার দোকানে আসেন। আতঙ্কিত হয়ে প্রান্ত সাহা তার এক আত্মীয়ের মাধ্যমে ৫ হাজার টাকা দিতে চাইলে অভিযুক্ত ব্যক্তি তা নিতে অস্বীকৃতি জানান এবং ১৫ হাজার টাকা দাবি করেন বলে জানা গেছে।

ঘটনাটি বাজারের অন্যান্য ব্যবসায়ীদের নজরে এলে তারা ওই ব্যক্তিকে আটক করেন। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং তার পরিচয় যাচাই করে। পরে তাকে ফরিদপুরে পাঠিয়ে দেওয়া হয়।

সাতৈর বাজারের মিষ্টি ব্যবসায়ী স্বপন সাহা বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। তাকে ৫ হাজার টাকা দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ১৫ হাজার টাকা দাবি করেন। না দিলে ভ্যাট মামলা দেওয়ার হুমকি দেন।”

এ বিষয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শিমুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে বাজারের গণ্যমান্য ব্যক্তিরা তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেন। দোকান মালিককে আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অভিযুক্ত মুস্তাইন শাহ মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি দোকানে গিয়েছিলেন অনিয়মের বিষয়ে কথা বলতে। ব্যবসায়ীরা তাকে ৫ হাজার টাকা দিতে চাইলেও তিনি তা গ্রহণ করেননি। তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, “লিখিত অভিযোগ পেলে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে তা অনিয়ম হিসেবে গণ্য হবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222