পবিত্র রমজান মাসের শুরুতেই রাজধানীর ফলের বাজারে উত্তাপ ছড়িয়ে পড়েছে। মাত্র ১০ দিনের ব্যবধানে ইফতারের প্রধান অনুষঙ্গ খেজুরসহ প্রায় সব ধরনের ফলের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। চাহিদার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফা লুটছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর খিলগাঁও তালতলা বাজার ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে সরেজমিনে দেখা গেছে, ফলের উচ্চমূল্য দেখে অনেক ক্রেতাই ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য পছন্দের ফল কেনা এখন সাধ্যের বাইরে চলে গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বর্তমানে সবচেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে মেডজুল খেজুর, যার প্রতি কেজির মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা। এছাড়া মরিয়ম খেজুর ১ হাজার ২৫০ টাকা এবং কালমী খেজুর ৯০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। খেজুরের পাশাপাশি আনারের দামও সাধারণের নাগালের বাইরে চলে গেছে; মানভেদে প্রতি কেজি আনার কিনতে গুণতে হচ্ছে ৫০০ থেকে ৬২০ টাকা। আঙুরের বাজারেও একই চিত্র; কালো আঙুর ৬০০ টাকা এবং সবুজ আঙুর ৪৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আপেল ও মালটার দামও পাল্লা দিয়ে বেড়েছে। গ্রিন আপেল ও ড্রাগন ফল ৪২০ টাকা এবং নাশপাতি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এমনকি তুলনামূলক সস্তা হিসেবে পরিচিত পেঁপে, বরই ও পেয়ারাও এখন কেজিপ্রতি ১২০ থেকে ১৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।
অন্যদিকে, খুচরা বিক্রেতাদের দাবি ভিন্ন। তালতলা বাজারের ব্যবসায়ী আব্দুর জালিল জানান, বাদামতলী পাইকারি আড়ত থেকে তাদের চড়া দামে ফল কিনতে হচ্ছে। পাইকারিতে দাম বাড়লে খুচরা বাজারে তার প্রভাব পড়া স্বাভাবিক। এছাড়া আমদানিকৃত ফলের পচনশীলতা ও লোকসানের ঝুঁকি বিবেচনায় নিয়ে তাদের সীমিত লাভে পণ্য বিক্রি করতে হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।
টিএইচএ/
