নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দুই দেশের শীর্ষ নেতার মধ্যে এই গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। নবগঠিত সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও শুভকামনা ব্যক্ত করেন আনোয়ার ইব্রাহিম। এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
টেলিফোনে আলাপকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বিদ্যমান গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত করার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, তাঁর সরকার বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে দক্ষিণ এশীয় অঞ্চলে স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দুই দেশের অংশীদারিত্বকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। আনোয়ার ইব্রাহিম নবনির্বাচিত সরকারের সাফল্য কামনা করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অভিনন্দন ও শুভেচ্ছার জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম অকৃত্রিম বন্ধু এবং উন্নয়ন সহযোগী। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির পথে মালয়েশিয়ার অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। আলাপকালে দুই নেতা শ্রমবাজারের উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।
টিএইচএ/
