হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে না পারলে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, ‘আমরা হজযাত্রীদের খাদেম। তাদের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ক্যাম্প পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন।
পরিদর্শনকালে তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের থাকা-খাওয়া, যাত্রা প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের হজযাত্রীদের সেবায় আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, হজযাত্রীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে পবিত্র হজ পালনে যেতে পারেন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
এদিকে, হজ ক্যাম্পে ছারপোকা ও মশার উপদ্রব নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
হাআমা/
