নেতৃত্ব দিতে হলে আগে রাষ্ট্রকে বুঝতে হবে: আমীরে মজলিস

by hsnalmahmud@gmail.com

জামিয়াতুত তারবিয়াহ আর ইসলামিয়ার ইতিহাস ও রাজনীতি বিভাগের উদ্বোধন এবং “বাংলার ইতিহাসের পুনর্গঠন ও ভবিষ্যতের রাষ্ট্রকল্প” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৬ এপ্রিল ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ড. মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের ইতিহাস রচনায় দীর্ঘদিন ধরে বড় ধরনের বঞ্চনা ও বিকৃতি ঘটেছে। তিনি বলেন, হাজার বছরের ইতিহাসে এ ভূখণ্ডে মুসলমানদের অবদান গুরুত্বপূর্ণ হলেও আধুনিক ইতিহাসচর্চায় তা যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এ জন্য বাইরের শক্তিকে নয়, বরং নিজেদের উদাসীনতা, বুদ্ধিবৃত্তিক দুর্বলতা ও ঐতিহাসিক দায়িত্বহীনতাকেই দায়ী করেন তিনি।

বিজ্ঞাপন
banner

ড. মাহমুদুর রহমান বলেন, “আমরা নিজেরাই আমাদের ইতিহাস লিখিনি, অন্যদের ওপর নির্ভর করেছি। ফলে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চিন্তা, আমাদের ঐতিহ্য—সবকিছুই উপেক্ষিত হয়েছে।” তিনি তরুণ গবেষক ও আলেম সমাজকে ইতিহাসচর্চায় সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ইতিহাস কেবল অতীতের বর্ণনা নয়, এটি একটি জাতির আত্মপরিচয় গঠনের প্রধান উপাদান। ইতিহাসকে সঠিকভাবে পুনর্গঠন করতে না পারলে ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামোও সঠিকভাবে নির্মাণ করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ড. মাহমুদুর রহমান বলেন, “যে জাতি তার অতীতকে ভুলে যায় বা বিকৃতভাবে জানে, সে জাতি কখনোই শক্তিশালী ভবিষ্যৎ নির্মাণ করতে পারে না।” এজন্য ইতিহাসের পুনর্লিখনের পাশাপাশি একটি সুস্পষ্ট রাষ্ট্রকল্প গড়ে তুলতে বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, ব্রিটিশ শাসনের ফলে উপমহাদেশের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার পর এদেশের উলামায়ে কেরাম দীর্ঘ সংগ্রাম করেছেন। সেই সংগ্রামের ধারাবাহিকতায় একপর্যায়ে আলেম সমাজ ব্যাকফুটে চলে যায় বলেও মন্তব্য করেন তিনি। পরে মুসলমানদের মৌলিক আকিদা-বিশ্বাস সংরক্ষণের লক্ষ্যে দেওবন্দ প্রতিষ্ঠিত হয় বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪-পরবর্তী বাংলাদেশে ইসলামের মৌলিক বিষয়াবলী সংরক্ষণের পাশাপাশি জাতির নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। রাষ্ট্র কীভাবে পরিচালিত হয়—এ বিষয়ে সুস্পষ্ট ধারণা অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো ক্ষেত্রে পরিবর্তন আনা বা নেতৃত্ব দেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়টি গভীরভাবে বোঝা অপরিহার্য।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইতিহাস ও রাজনীতি বিভাগের প্রধান মাওলানা মনজুর আহমাদ।

দৈনিক আমার দেশ-এর সাহিত্য সম্পাদক ও ইতিহাস বিভাগের শিক্ষক মুহিম মাহফুজ এবং মাওলানা ইব্রাহিম জামিল-এর সঞ্চালনায় সেমিনারে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও ইতিহাসবিদ মোহাম্মদ আব্দুল মান্নান, রাষ্ট্রচিন্তক জগলুল আসাদ, এশিয়ান ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের চেয়ারম্যান ডা. উসমান গনী এবং এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222