৩৬ নিউজ ডেস্ক: বিদ্যুৎ, তেল ও গ্যাসের ক্রমাগত মূল্যবৃদ্ধি এবং সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পুশইনের প্রতিবাদে আগামীকাল রবিবার রাজধানী ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ খেলাফত মজলিস।
আগামীকাল ৭ জুন বাদ আসর ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৫ জুন শুক্রবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকাস্থ নির্বাহী সদস্যদের এক জরুরি পরামর্শ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মুফতী শরাফত হুসাইন, মাওলানা তাফাজ্জল হুসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজী, সাধারণ সম্পাদক মাওলানা মুরশেদুল আলম সিদ্দিকী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, সহ সভাপতি মাওলানা আতিকুল্লাহ, যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, যুবনেতা আল আবিদ শাকের এবং খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজসহ কেন্দ্রীয় ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির মাধ্যমে সাধারণ জনগণের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে। একদিকে বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির মাধ্যমে জনগণকে সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে, আর অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়িয়ে দেওয়া হচ্ছে। এ ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণ জনস্বার্থবিরোধী এবং জনগণের সঙ্গে প্রকারান্তরে প্রতারণার শামিল।
সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে খেলাফত মজলিসের মহাসচিব আরও বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পুশইন ও হয়রানির ঘটনা দেশের সার্বভৌমত্ব এবং নাগরিক মর্যাদার জন্য অত্যন্ত উদ্বেগজনক। এ বিষয়ে সরকারকে অবিলম্বে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে এবং সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। তিনি অবিলম্বে বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্য হ্রাস এবং সীমান্তে পুশইনের ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আগামীকালের বিক্ষোভ কর্মসূচি সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।
এছাড়া উক্ত পরামর্শ সভায় সমসাময়িক দেশের সড়ক দুর্ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। ঈদযাত্রায় সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, ভবিষ্যতে জাতীয় উৎসবগুলোতে অব্যবস্থাপনার কারণে কোনো পরিবার যেন এমন নির্মম দুর্ঘটনা ও ভোগান্তির শিকার না হয়, সে লক্ষ্যে সরকারকে এখন থেকেই দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে।
টিএইচএ/
