স্ত্রী প্রহার শীর্ষক তালেবানের নতুন দণ্ডবিধি নিয়ে মুখ খুললেন মামুনুল হক

by Fatih Work

সাব্বির আহমেদ খাঁন >>  আফগানিস্তানে স্ত্রী প্রহার শীর্ষক তালেবানের নতুন দণ্ডবিধি নিয়ে যখন বিশ্বজুড়ে তোলপাড় চলছে, তখন বিষয়টি নিয়ে নিজস্ব ব্যাখ্যা দিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, পশ্চিমা গণমাধ্যম তালেবানের এই আইনটিকে বিকৃতভাবে উপস্থাপন করছে।

তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা স্বাক্ষরিত ৯০ পৃষ্ঠার নতুন ওই আইনে উল্লেখ করা হয়েছে, স্বামী যদি স্ত্রী বা সন্তানকে শারীরিকভাবে আঘাত করেন এবং তাতে যদি হাড় ভাঙা বা গভীর ক্ষত সৃষ্টি না হয়, তবে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে না। এই আইনের মাধ্যমে ২০০৯ সালে আগের সরকারের প্রণীত ‘নারীর বিরুদ্ধে সহিংসতা বিলোপ’ আইনটিও বাতিল করা হয়েছে।

সাক্ষাৎকারে এই আইনের যৌক্তিকতা ও ধর্মীয় বিধান নিয়ে কথা বলেন মামুনুল হক। তিনি ব্যাখ্যা করেন, বিষয়টি এমন নয় যে নারীর হাড় না ভাঙা পর্যন্ত প্রহার করা বৈধ। তার ভাষ্যমতে, হাদিসে স্ত্রীকে ‘মৃদু প্রহার’-এর যে নির্দেশনা আছে, সেখানে শর্ত হলো শরীরে কোনো দাগ, কাটা-ছেঁড়া বা গুরুতর আঘাত না থাকা। (সুলাইমান ইবনু আমর ইবনুল আহওয়াস (রহঃ) হতে তার পিতার সূত্র থেকে বর্ণিত: … কিন্তু তারা যদি সুস্পষ্ট চরিত্রহীনতায় লিপ্ত হয় (তবে ভিন্ন কথা)। তারা যদি তাই করে তাহলে তাদের বিছনাকে আলাদা করে দাও এবং সামান্য প্রহার কর, মারাত্মক প্রহার নয়।) [জামে তিরমিজি, হাদিস নং ১১৬৩]

মামুনুল হক আরও যুক্তি দেন যে, বর্তমান সময়ে উন্নত কৌশলে এমনভাবে নির্যাতন করা সম্ভব যেখানে চামড়ায় দৃশ্যমান চিহ্ন না করেও হাড় ভাঙা সম্ভব। তালেবানের আইনে এমন গুরুতর নির্যাতনের ক্ষেত্রে শাস্তির বিধান রাখা হয়েছে বলে তিনি দাবি করেন। তবে আলোচনার একপর্যায়ে খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেন,যদি হাড় না ভাঙে এবং শরীরে কোনো দৃশ্যমান চিহ্নও না থাকে, তবে সেটি কীভাবে বিবেচিত হবে? জবাবে মামুনুল হক বলেন, সেক্ষেত্রে বিষয়টি ‘মৃদু প্রহার’-এর পর্যায়ে পড়বে।

তালেবানের নতুন আইন এবং এ বিষয়ে ধর্মীয় ব্যাখ্যা ঘিরে বিতর্ক এখনো অব্যাহত রয়েছে। মানবাধিকারকর্মীরা বিষয়টিকে নারীর নিরাপত্তা ও অধিকার প্রশ্নে উদ্বেগজনক হিসেবে দেখছেন, অন্যদিকে সমর্থকরা বলছেন, ইসলামী শরিয়াহর ব্যাখ্যার আলোকে আইনটি প্রণয়ন করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222