এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে জন্ম নেওয়া একটি ছাগলের বাচ্চাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যার রয়েছে দুটি মুখ ও চারটি চোখ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার চর পাকেরদহ ইউনিয়নের পাকরুল গ্রামের জিন্নাহ ফকিরের বাড়িতে এ বিরল ঘটনা ঘটে। ওই ছাগলের তিনটি বাচ্চার মধ্যে দুটি স্বাভাবিক হলেও একটি বাচ্চা দুটি মুখ ও চারটি চোখসহ জন্ম নেয়। এমন বিরল ঘটনা সচরাচর দেখা না যাওয়ায় উৎসুক মানুষ বাচ্চাটি এক নজর দেখতে ছুটে আসছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলটি বিরল আকৃতির বাচ্চা প্রসব করলে জিন্নাহ ফকিরের পরিবারের সদস্যরা দেখে বিস্মিত হয়ে পড়েন। জন্ম নেওয়া বাচ্চাটির রয়েছে দুটি পৃথক মুখ ও চারটি চোখ। সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকেও উৎসুক মানুষ এক নজর দেখতে ভিড় করছেন। বর্তমানে ছাগলের বাচ্চাটি জীবিত থাকলেও তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
ছাগলের মালিক জিন্নাহ ফকির বলেন, আমি আগে থেকেই গরু-ছাগল পালন করি। শনিবার রাতে একটি ছাগল তিনটি বাচ্চা প্রসব করে। তার মধ্যে দুটি স্বাভাবিক হলেও একটি দেখতে অস্বাভাবিক; অর্থাৎ বাচ্চাটির দুটি মুখ ও চারটি চোখ রয়েছে। দুটি বাচ্চা স্বাভাবিকভাবে হাঁটাচলা করে মায়ের দুধ খায়। কিন্তু যেটার দুই মুখ ও চার চোখ, সেটি উঠে দাঁড়াতে পারে না। ধরে ধরে দুধ খাওয়াতে হয়, তবে এখনো সুস্থ আছে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডা. মো. আল আমিন জানান, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ ধরনের ঘটনা জন্মগত ত্রুটি হিসেবে পরিচিত। বিশেষজ্ঞদের মতে, ভ্রূণের বিকাশজনিত সমস্যার কারণে এমন অস্বাভাবিক আকৃতি হতে পারে। বিরল হলেও বিশ্বে এ ধরনের ঘটনার নজির রয়েছে।