দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে মালদ্বীপের জাতীয় উড়োজাহাজ সংস্থা মালদিভিয়ান এয়ারলাইন্স। আগামী ১২ মার্চ থেকে ঢাকা-মালে-ঢাকা রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান অ্যাভিনিউতে অবস্থিত তাজ ম্যারিয়ট ভবনে এয়ারলাইন্সটির নতুন সিটি অফিস উদ্বোধনের সময় এই তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদিভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক এম ইব্রাহিম ইয়াস। তিনি জানান, প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে রবি ও বৃহস্পতিবার দুই দিন ফ্লাইট পরিচালিত হবে। যাত্রীদের যাতায়াত সহজ করতে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৯৯ মার্কিন ডলার। এছাড়া প্রত্যেক যাত্রী ৩০ কেজি ব্যাগেজ সুবিধার পাশাপাশি বিমানে খাবার সুবিধা পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রাউন্ড অপারেশন পরিচালক আহমেদ ইব্রাহিম, জেনারেল ম্যানেজার মোহামেদ সাফাহ এবং বাংলাদেশে এয়ারলাইন্সটির জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপের সিইও আহমেদ ইউসুফ ওয়ালিদ।
ব্যবস্থাপনা পরিচালক এম ইব্রাহিম ইয়াস বলেন, মালদ্বীপে বসবাসরত বিশাল সংখ্যক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের যাতায়াত নির্বিঘ্ন করতেই এই রুটটি পুনরায় সচল করা হচ্ছে। বিশেষ করে আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সময় যাত্রীদের বাড়তি চাপের কথা মাথায় রেখে এই সময়সূচী নির্ধারণ করা হয়েছে।
সিটি অফিস উদ্বোধনের পর মালদিভিয়ান প্রতিনিধিদল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বর্তমানে মালদিভিয়ানের বহরে মোট ২৬টি বিভিন্ন মডেলের উড়োজাহাজ রয়েছে, যার মাধ্যমে তারা দেশীয় ও আন্তর্জাতিক গন্তব্যে সেবা প্রদান করছে।
টিএইচএ/
