পাবনার ঈশ্বরদী পৌর শহরে ফুটপাত দখলমুক্ত করা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে। অভিযানে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয় এবং মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চাঁদ আলীর মোড় থেকে বাজারের এক নম্বর গেট পর্যন্ত সড়কের দুই পাশে এ অভিযান পরিচালিত হয়। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও যানজট নিরসনে ফুটপাত ও সড়কের অংশ দখলমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থান নেয়।
অভিযান নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আরিফুর রহমান। এ সময় থানা পুলিশ ও র্যাব সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জানা গেছে, চাঁদ আলীর মোড় থেকে রেলগেট পর্যন্ত বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখার মাধ্যমে ব্যবসা চালাচ্ছিলেন। ফলে পথচারীদের চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছিল এবং নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছিল। এছাড়া কিছু ফলের দোকানে মূল্য তালিকা না রাখা, ভাউচার প্রদর্শন না করা এবং অতিরিক্ত দাম আদায়ের অভিযোগও পাওয়া যায়।
অভিযানকালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে এবং মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে দুটি ফলের দোকানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। মোট চারটি প্রতিষ্ঠান থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ইউএনও মো. আরিফুর রহমান বলেন, “ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ মানুষের চলাচল ও যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। জনস্বার্থে এসব অনিয়ম বন্ধে প্রশাসন কাজ করছে। দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান এবং পৌরসভার খাদ্য পরিদর্শক মো. আবুল কায়সার সুজা প্রমুখ।
এমএআর/
