বগুড়ার ধুনট উপজেলায় মাদকের টাকার জন্য বাবা ও শিশুসন্তানকে হত্যাচেষ্টা এবং ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় রাজু মিয়া নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত রাজু মিয়া উপজেলার গোপালনগর ইউনিয়নের বাঁশপাতা গ্রামের বেলাল হোসেনের ছেলে। উপজেলা ভূমি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই বাবার কাছে টাকা দাবি করতেন। টাকা না পেলে বাবাকে মারধর, শিশুসন্তানকে হত্যাচেষ্টা এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন। তার নির্যাতন সহ্য করতে না পেরে ছয় মাস আগে রাজুর স্ত্রী তাদের কোলের শিশুসন্তান রেখে বাবার বাড়িতে চলে যান।
অসহায় বাবা বেলাল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে নজরদারির একপর্যায়ে সোমবার দুপুরে নিজ বাড়িতে ইয়াবা সেবনের সময় ভ্রাম্যমাণ আদালতের একটি দল রাজু মিয়ার উপর অভিযান চালায়। ঘটনাস্থল থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাৎক্ষণিক দণ্ডাদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্ত রাজু মিয়াকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান বলেন, “মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ও জুয়া প্রতিরোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হচ্ছে।”
এমএআর/
