মসজিদে নববীর প্রবীণতম কুরআন শিক্ষক শেখ মুহাম্মদ আবদুল্লাহ হাজী ইন্তেকাল করেছেন। দীর্ঘ অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে মদিনার এই পবিত্র মসজিদে নিরলসভাবে কুরআন শিক্ষাদান করার পর তার জীবনাবসান ঘটেছে। তার মৃত্যুতে সৌদি আরবের জ্ঞানচর্চা মহল ও ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে।
জানা যায়, মসজিদে নববীতে আধুনিক সুযোগ-সুবিধা চালুর আগের সময় থেকেই তিনি কুরআনের দরস প্রদান শুরু করেন। সে সময় মসজিদের মেঝে ছিল নুড়িপাথরে আচ্ছাদিত, তবুও সীমিত পরিবেশে বসেই তিনি শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াত ও তাজবিদ শিক্ষা দিতেন। টানা পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি পবিত্র কুরআন ও ‘দশ কিরাত’ শিক্ষায় নিজেকে নিবেদিত রাখেন। সহকর্মী ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ এই সময়ে তিনি কখনো নিয়মিত পাঠচক্র থেকে বিরত থাকেননি।
তার ব্যক্তিজীবনের কঠিন মুহূর্তেও দায়িত্ববোধে অবিচল ছিলেন এই আলেম। এমনকি সহোদরা বোনের ইন্তেকালের দিনও দাফন সম্পন্ন করে তিনি সরাসরি দরসে অংশ নেন। কুরআনের খেদমতের প্রতি তার এই অদম্য নিষ্ঠা ও শৃঙ্খলাবোধ তাকে শিক্ষার্থীদের কাছে অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করে।
তার হাত ধরে কয়েক হাজার শিক্ষার্থী হাফেজ ও ক্বারী হিসেবে গড়ে উঠেছেন, যারা বিশ্বের বিভিন্ন দেশে কুরআনের শিক্ষা প্রচার করছেন। মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার আসর বাদ মসজিদে নববীতেই অনুষ্ঠিত হয়। পরে তাকে জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হয়।
সূত্র: ইসলামিক ইনফরমিশন
অনুবাদ: তানবিরুল হক আবিদ
টিএইচএ/
