এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে দ্রুতগামী মাহিন্দ্র ট্রাক্টরের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে জাহিল (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জাহিল (১০) জামালপুর পৌর শহরের মনিরাজপুর এলাকার মামুনের ছেলে। আহতরা হলেন— নিহত শিশুর মা বিথী, জুনাইল ফকিরবাড়ি এলাকার ওয়াজেদ আলী ফকিরের স্ত্রী সামিরা এবং একই এলাকার মিজানের স্ত্রী সেলিনা। তারা মাদারগঞ্জের চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাদারগঞ্জ-জামালপুর সড়কের ফায়ার সার্ভিস মোড়ে একটি মাহিন্দ্র ট্রাক্টর আঞ্চলিক মহাসড়কে ওঠার সময় জামালপুর থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু জাহিলের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। অপর দুইজন গুরুতর আহত হওয়ায় তাদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবু রায়হান বলেন, “সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠানো হয়েছে।”
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ জানান, মাহিন্দ্র ট্রাক্টর চালককে আটক করা হয়েছে। সিএনজি চালক পালিয়ে গেছে। মাহিন্দ্র ট্রাক্টর ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএআর/
