হবিগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার বানিয়াচং উপজেলার আমীরখানি গ্রামের মাহমুদুল হাসান হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৯ মার্চ আদেশের দিন ধার্য করেছেন। বিচারক আব্দুল মন্নানের আদালতে বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. আঙ্গুর আলী।
মামলার বাদী মাহমুদুল হাসান নিজেকে ছাত্রদলের সমর্থক দাবি করলেও এ বিষয়ে তার সরাসরি বক্তব্য পাওয়া যায়নি।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও সাবেক বিমানমন্ত্রী মাহবুব আলী, সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, বানিয়াচং উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. আতাউর রহমান সেলিমসহ মোট ৫৬ জনকে আসামি করা হয়েছে। এছাড়া হবিগঞ্জ ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার আরজিতে বলা হয়, ২০২৪ সালের ২৪ জুলাই হবিগঞ্জ শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের কাছে ছাত্র-জনতার আন্দোলনের সময় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আসামিরা গুলি চালায়। এতে বাদীসহ কয়েকজন আহত হন।
জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, বিষয়টি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না; বিস্তারিত জেনে পরে মন্তব্য করবেন।
এমএআর/
