ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র: ল্যান্ডাউ

by Abid

ভারতের সঙ্গে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক জোরদারে আগ্রহী হলেও অতীতে চীনের ক্ষেত্রে দেওয়া অর্থনৈতিক সুবিধা নয়াদিল্লিকে দেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ বলেছেন, প্রায় দুই দশক আগে চীনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে নীতিগত ভুল করেছিল, ভারতের ক্ষেত্রে সেই ভুলের পুনরাবৃত্তি করা হবে না।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন রাইসিনা ডায়ালগে ভূ-রাজনীতি ও অর্থনীতি বিষয়ক এক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। খবর টিআরটি ওয়ার্ল্ড এর।

বিজ্ঞাপন
banner

ল্যান্ডাউ বলেন, যুক্তরাষ্ট্র ভারতের অসীম সম্ভাবনাকে কাজে লাগিয়ে যৌথভাবে কাজ করতে চায়। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দেন যে, চীনের দ্রুত অর্থনৈতিক উত্থানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ওয়াশিংটন অনেক বেশি সতর্ক অবস্থান নিচ্ছে। তার ভাষায়, ‘ভারতকে বুঝতে হবে; ২০ বছর আগে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র যে ভুলগুলো করেছিল, ভারতের ক্ষেত্রে তা করা হবে না।’

এদিকে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে ভারতকে সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, এই সুবিধা আগামী ৩০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই দুই দেশের মধ্যে একটি বড় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। কয়েক দফা আলোচনার পর গত মাসে ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করেছে ওয়াশিংটন। তবে পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি এখনো চূড়ান্ত হয়নি এবং বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমাতে ভারত ইতোমধ্যে  ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করেছে। ফলে ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও নিজস্ব অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বহুমুখী কৌশল গ্রহণ করছে নয়াদিল্লি।

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্ন মোকাবিলায় ভারতের সঙ্গে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রস্তাবও দিয়েছেন ল্যান্ডাউ। তিনি জানান, ভারতের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে যুক্তরাষ্ট্র নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222