যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের জবাবে পাল্টা জোরালো হামলা অব্যাহত রেখেছে ইরান।
সোমবার (৯ মার্চ) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামরিক বিশ্লেষকদের বরাতে জানা গেছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন। এছাড়া দেশটির কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের বাসভবনেও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিট রাশিয়ার সংবাদমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ইসরায়েলের সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাসভবনে ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। এতে প্রধানমন্ত্রীর ছোট ভাই, পেশায় নাট্যকার ইদ্দো নেতানিয়াহু প্রাণ হারান। রিটের মতে, ইরানের এই হামলাটি মূলত তাদের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে নেওয়া বড় মাপের অভিযানের একটি অংশ। তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েলের শক্তিশালী ও কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেই ইরানের ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
অন্যদিকে, সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের বাসভবনে আগুন ধরে যায়। তবে ওই সময় তিনি বাড়িতে ছিলেন কি-না বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি-না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। একই দিনে ইরানের রাজধানী তেহরানের একটি আবাসিক এলাকায় মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর দিয়েছে আল-জাজিরা। তেহরান জুড়ে প্রতি এক বা দুই ঘণ্টা অন্তর বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানা গেছে।
টিএইচএ/
