বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): কেন্দ্রীয় তাঁতী দলের সাবেক সভাপতি ও নরসিংদীর রায়পুরা আসন থেকে দুইবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী মৃধার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী মৃধা এমপি স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণসভা, কোরআনখানি, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় রায়পুরার আমিরগঞ্জে আল-জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দি মাদ্রাসা মাঠে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এমপি। স্মৃতি সংসদের সভাপতি এম. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রাক-বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন মৃধা, রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান। এছাড়া উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মী এই স্মৃতিচারণ সভায় অংশ নেন।
বক্তারা মরহুম আব্দুল আলী মৃধাকে নরসিংদীর রাজনীতির ‘সিংহপুরুষ’ হিসেবে আখ্যায়িত করে বলেন, তিনি ছিলেন আধিপত্যবাদবিরোধী এক খাঁটি দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতা। ৭০-এর দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে আসা এই বীর মুক্তিযোদ্ধা আমৃত্যু জনগণের কল্যাণে কাজ করেছেন। এরশাদ বিরোধী আন্দোলনে তার আপসহীন ভূমিকা ও কারাবরণের ইতিহাস আজও স্থানীয় নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগায়। সভার শুরুতে ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এমপির নেতৃত্বে নেতাকর্মীরা মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
টিএইচএ/
