ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে সংসদে পূর্ণ সুবিচার বা ইনসাফ কায়েমের প্রত্যাশা ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদের ঐতিহাসিক প্রথম অধিবেশন শুরু হওয়ার পর তিনি এই বক্তব্য প্রদান করেন। স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হওয়ার পর বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে এই আনুষ্ঠানিক অভিনন্দন জানানো হয়।
অধিবেশনের বক্তব্যে ডা. শফিকুর রহমান স্পিকারের নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, “আজকের এই সংসদ জুলাইয়ের বীর শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ। এই সংসদের পবিত্রতা ও মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।” স্পিকারের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আমি আশা প্রকাশ করি, স্পিকারের দৃষ্টিতে সরকারি দল ও বিরোধী দল আলাদা হবে না; বরং সবাই সমান মূল্যায়ন পাবেন। আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা, আপনার সাহসিকতা ও ন্যায়পরায়ণতার ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা বিশ্বাস করি, আপনি ইনসাফ কায়েম করতে পারবেন।”
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সংসদের ভেতরে ও বাইরে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ (আমরা বিচার চাই) স্লোগান উচ্চারণ করে তার ভাষণ শেষ করেন। এর আগে অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপদস্থ মন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
টিএইচএ/
