ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এক সংসদ সদস্যের ঘুমের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম কার্যদিবসেই অধিবেশন চলাকালীন এই ঘটনা ঘটে। ২১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, অধিবেশনের গুরুত্বপূর্ণ আলোচনার সময় এক এমপি নিজ চেয়ারে বসে চোখ বন্ধ করে গভীর ঘুমে মগ্ন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সংসদীয় কার্যক্রমের শুরুতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রথম অধিবেশন শুরু হয়। সভায় স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হন। স্পিকার নির্বাচনের পরপরই অধিবেশন কিছুক্ষণের জন্য মূলতবি ঘোষণা করা হয়েছিল, যে সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান। ভাইরাল হওয়া ভিডিওটি এই অধিবেশনেরই কোনো এক সময়ের বলে নিশ্চিত হওয়া গেছে।
যদিও ভিডিওতে ওই এমপির স্পষ্ট পরিচয় এখনো জনসমক্ষে আসেনি, তবে নেটিজেনদের অনেকেই বিষয়টিকে সংসদের মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন। দেশের সাধারণ মানুষ যখন অত্যন্ত প্রত্যাশা নিয়ে নতুন সংসদের প্রথম অধিবেশনের দিকে তাকিয়ে ছিলেন, তখন জনপ্রতিনিধির এমন উদাসীনতা ও ঘুমের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের পাশাপাশি ক্ষোভেরও জন্ম দিয়েছে। তবে এই বিষয়ে সংসদের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
টিএইচএ/
