বিরোধীদলের ওয়াকআউটের মধ্যদিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনটি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। রাষ্ট্রপতির বক্তব্যকে ঘিরে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের ওয়াকআউটের ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন আলোচনার জন্ম দিয়েছেন এনসিপি (ন্যাশনালিস্ট পলিটিক্যাল পার্টি) থেকে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ পোস্ট।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ থেকে ওয়াকআউটের পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত পোস্ট দেন তিনি।
হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে ইংরেজিতে মাত্র তিনটি শব্দ লিখেছেন— ‘Get out Chuppu’ (গেট আউট চুপ্পু)। পোস্টটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের ধারণা, ‘Chuppu’ শব্দটি দিয়ে তিনি সরাসরি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে উদ্দেশ্য করেছেন, কারণ রাজনৈতিক মহলে রাষ্ট্রপতি ‘চুপ্পু’ নামেই সমধিক পরিচিত।
পোস্টটি করার মাত্র ৩৮ মিনিটের মধ্যেই এতে ২ লাখ ১২ হাজারেরও বেশি রিঅ্যাক্ট এবং প্রায় ১৭ হাজার মন্তব্য কমেন্ট বক্সে জমা পড়েছে। নেটিজেনদের বড় একটি অংশ এই পোস্টটিকে সমর্থন জানালেও অনেকে একজন সংসদ সদস্যের পক্ষ থেকে রাষ্ট্রপতির প্রতি এমন সম্বোধন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তবে এই পোস্ট বা মন্তব্যের বিষয়ে হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। এর আগে সংসদে বিরোধী দল জামায়াতের আমির ডা. শফিকুর রহমান রাষ্ট্রপতির নৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তুলে তার ভাষণ বয়কট করেন, যার পরপরই হাসনাত আবদুল্লাহর এই বিতর্কিত ফেসবুক পোস্টটি সামনে এলো।
টিএইচএ/
