বিরোধী দলের ওয়াক আউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

by Abid

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে ‘স্ববিরোধিতা’ বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ অধিবেশন মূলতবি হওয়ার পর সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, যে রাষ্ট্রপতির অধীনে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে এবং যিনি ৫ ও ৬ আগস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন, আজ তাকে কেন অস্বীকার করা হচ্ছে?

বিজ্ঞাপন
banner

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রেক্ষাপটে বলেন, “এই রাষ্ট্রপতিই ৫ ও ৬ আগস্ট তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং তার কাছেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছিলেন। এমনকি সেই উপদেষ্টাদের দু-একজন বর্তমানে এই সংসদেরও সদস্য। তাহলে এখন এই বিরোধিতা কেন? তাদের দলের নেতারা যখন এই রাষ্ট্রপতির অধীনেই শপথ নিয়ে সংসদ সদস্য হয়েছেন, তখন এই অবস্থান পরিবর্তন কেন, তা তাদেরই জিজ্ঞেস করা উচিত।” তবে তিনি যোগ করেন যে, সংসদীয় গণতন্ত্রে ওয়াকআউট একটি স্বাভাবিক রাজনৈতিক সংস্কৃতি এবং এটি যে কোনো দলের গণতান্ত্রিক অধিকার।

সংসদ কেমন হবে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, “অবশ্যই এই সংসদ অর্থবহ হবে এবং জাতীয় সকল সমস্যা ও ইস্যু আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। আমরা ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য গড়ে তুলেছি, তা ধরে রেখে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের পথে হাঁটব।” তিনি আরও জানান, জাতীয় যেকোনো ইস্যুতে সরকার ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে।

উল্লেখ্য, এর আগে বিকেলে অধিবেশন চলাকালীন এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ যখন রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার আহ্বান জানান, তখনই জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধীদলের সদস্যরা ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘গণতন্ত্র চাই, ফ্যাসিজম নয়’ সংবলিত প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে ওয়াকআউট করেন। বিরোধী দলের অনুপস্থিতিতেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার ভাষণ পাঠ করেন, যেখানে তিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানান এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222