ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ বেঁচে আছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় স্বামীর সঙ্গে তিনিও নিহত হয়েছেন বলে বিশ্বজুড়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।
বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ওই হামলায় বাগেরজাদেহ গুরুতর আহত হলেও তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, মনসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ ওই ভয়াবহ হামলা থেকে প্রাণে বেঁচে গেছেন। আগের যে খবরগুলোতে তার মৃত্যুর দাবি করা হয়েছিল, সেগুলো মূলত ভুল তথ্যের ভিত্তিতে ছড়ানো হয়েছিল। এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজসহ কয়েকটি গণমাধ্যম দাবি করেছিল, হামলায় গুরুতর আহত হওয়ার পর তিনি কোমায় চলে গিয়েছিলেন এবং পরবর্তীতে মারা গেছেন। তবে ফার্স নিউজ স্পষ্ট করেছে যে, প্রাথমিক আঘাতের খবরগুলো ভুলভাবে ব্যাখ্যা করার কারণেই তাঁর মৃত্যুর বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছিল।
উল্লেখ্য, মাশহাদে একটি রক্ষণশীল শিয়া পরিবারে জন্ম নেওয়া মানসুরেহ বাগেরজাদেহ ১৯৬৪ সালে মাত্র ১৭ বছর বয়সে আলী খামেনিকে বিয়ে করেছিলেন। দীর্ঘ বৈবাহিক জীবনে এই দম্পতির ছয়টি সন্তান রয়েছে। আলী খামেনির রাজনৈতিক সংগ্রামের কঠিন দিনগুলো, একাধিকবার কারাবরণ এবং নির্বাসিত জীবনের চরম অনিশ্চয়তার সময়গুলোতে স্ত্রীর অসামান্য ধৈর্য ও সমর্থনের কথা খামেনি অতীতে বহুবার কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছিলেন।
তেহরানে চালানো ওই হামলায় খামেনির মৃত্যু ইরানের রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করেছে। এমন পরিস্থিতির মধ্যে তাঁর স্ত্রীর বেঁচে থাকার সংবাদটি জনমনে কিছুটা স্বস্তি দিলেও তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ কাটেনি। বর্তমানে তিনি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিবিড় চিকিৎসায় রয়েছেন বলে জানা গেছে।
টিএইচএ/
